শেরপুরের সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ব্যালট বই উদ্ধার করা গেলেও বাকি দুটি এখনও নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।.
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল ১০টার কিছু আগে কয়েকজন বহিরাগত ব্যক্তি হঠাৎ করে কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া বইগুলোর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।.
পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বইটিতে ধানের শীষ প্রতীকে কয়েকটি ভোট দেওয়া ছিল বলে জানান প্রিসাইডিং অফিসার। তবে একটি গণভোটের এবং আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট বই এখনও উদ্ধার করা যায়নি।.
ঘটনার পরপরই প্রশাসনকে অবহিত করা হয়। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।.
উল্লেখ্য, শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। তবে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৭টার আগেই ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়াতে দেখা যায়। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।.
শেরপুর-1 (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪টি অধিক গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। সদর উপজেলার সবকটি কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।. .
Ajker Bogura /
আপনার মতামত লিখুন: