বগুড়ায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই মশার কয়েল উৎপাদন এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।.
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে অভিযান পরিচালনা করে।.
অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার রাজাপুর ব্রিজ এলাকায় অবস্থিত এস এম আর কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।.
বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন পরীক্ষক (মেট্রোলজি) মো. শাহ আলম পলাশ খান ও ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।.
বিএসটিআই সূত্র জানায়, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই ‘লিনজা’ ব্র্যান্ডের মশার কয়েল উৎপাদন করছিল। একই সঙ্গে পণ্যের মোড়কে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করা হচ্ছিল।.
এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স নেওয়ার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।.
বিএসটিআইয়ের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জহুরুল হক বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান অব্যাহত থাকবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: