বগুড়া প্রতিনিধি: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন নতুন নয়। তবে কোমলমতি শিশুদের জন্য শ্রেণিকক্ষেই প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ খেলা দেখানোর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসায় ভাসছে বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সম্প্রতি প্রতিষ্ঠানটির একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ উপভোগ করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আল আমিন নামে এক নেটিজেন ছবিটি প্রকাশ করলে তা দ্রুত নেটদুনিয়ায় সাড়া ফেলে। ছবিতে দেখা যায়, ছোট ছোট শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সহপাঠীদের সঙ্গে বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করছে। ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নেটিজেনরা বলছেন, শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলা ও বিশ্ব ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরি করতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দলগতভাবে খেলা দেখার মাধ্যমে তাদের মধ্যে সৌহার্দ্য, আনন্দ ভাগাভাগি এবং সহমর্মিতার চর্চাও বাড়বে। প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে উদ্যোগটির প্রশংসা করছেন। অনেকেই এটিকে শিক্ষার্থীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে এমন উদ্যোগ দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: