মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়তে শুরু করেছে। জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের মুদ্রা রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময়মূল্য রেকর্ড নিম্নস্তরে পৌঁছায়। এদিন প্রতি ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৯২ দশমিক ৩৯। এর আগের দিনের ৯২ দশমিক ৩৫৭৫ রুপির রেকর্ডও অতিক্রম করেছে এই পতন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর থেকেই রুপির ওপর চাপ বাড়তে থাকে। সংঘাতের পর থেকে রুপির মান এক শতাংশের বেশি কমেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করায় উদীয়মান অনেক দেশের মুদ্রার তুলনায় রুপি কিছুটা স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল প্রায় ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগে এই দাম ছিল প্রায় ৭০ ডলার।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেলের দাম বৃদ্ধি এবং রুপির দুর্বলতার কারণে দেশটির অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপও বাড়তে শুরু করেছে।
সরকারি তথ্য অনুযায়ী, ভোক্তা মূল্যসূচক অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২১ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ২ দশমিক ৭৪ শতাংশ। প্রায় দশ মাসের মধ্যে এটি সর্বোচ্চ।
খাদ্য মূল্যস্ফীতিও বেড়েছে। আগের মাসের ২ দশমিক ১৩ শতাংশ থেকে বেড়ে ফেব্রুয়ারিতে তা দাঁড়িয়েছে ৩ দশমিক ৪৭ শতাংশে। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম উচ্চ পর্যায়ে থাকলে ভারতের অর্থনীতিতে আরও চাপ তৈরি হতে পারে।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: