শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার শেরপুর উপজেলার কৃষিনির্ভর এলাকায় জলাবদ্ধতা দূর ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ প্রতীক্ষিত ‘চটির বিল’খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার গোসাইবাড়ি এলাকার কুড়াতলা সাঁকো পয়েন্টে এই খনন কাজের ফলক উন্মোচন করেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বিএনপি সবসময়ই কৃষকবান্ধব। কৃষকের ভাগ্যন্নয়নে আমরা বদ্ধপরিকর। চটির বিল খালের ২০ কিলোমিটার অংশ পর্যায়ক্রমে খনন করা হবে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরও ৮০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা আমাদের রয়েছে, যাতে কোনো আবাদি জমি জলাবদ্ধতার শিকার না হয়।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাউবো বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, প্রাথমিক পর্যায়ে ১.১৭০ কিলোমিটার খননে ব্যয় হবে প্রায় ২৮ লাখ টাকা।
খননের পর খালের প্রস্থ হবে ১.৫ মিটার এবং গভীরতা হবে ৭ থেকে ৮ ফুট। খালের উত্তোলিত মাটি দিয়ে পাড় উঁচু করে সেখানে বৃক্ষরোপণ করা হবে। এই পাড় কৃষকদের চলাচলের রাস্তা হিসেবেও ব্যবহৃত হবে।
স্থানীয় প্রবীণ কৃষক হবিবর মন্ডল জানান, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশেষ উদ্যোগে এই খালটি প্রথম খনন করা হয়েছিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা এবং শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, বক্তারা বলেন, ভাদাই নদী থেকে শুরু হয়ে করতোয়া নদীতে গিয়ে মেশা এই খালটি একসময় এলাকার কৃষি অর্থনীতি বদলে দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি মরা খালে পরিণত হয়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। দীর্ঘ ৪৭ বছর পর ফের বড় পরিসরে খনন কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির জোয়ার বইছে। এই খাল খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন হবে এবং খরা মৌসুমে কৃষকেরা সেচ কাজে খালের পানি ব্যবহার করে বাড়তি ফলন ঘরে তুলতে পারবেন।.
Ajker Bogura / আব্দুল ওয়াদুদ
আপনার মতামত লিখুন: