শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে লোকপ্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মো. ওমর ফারুক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী ও প্রভাষক আব্দুল বাসিতসহ একাধিক শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ সংঘর্ষের সূচনা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খেলা শুরুর পর থেকেই মাঠে উত্তেজনা ছিল এবং স্লেজিংকে কেন্দ্র করে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে তা দ্রুত মারামারিতে রূপ নেয়। ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক মো. এছাক মিয়া জানান, সংঘর্ষের সময় কয়েকজন শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ন্যায্য তদন্তের মাধ্যমে বিচার করা হবে এবং আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যার মধ্যে চারজন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: