বগুড়া প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। লংমার্চের অংশ হিসেবে বগুড়ার চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় পথসভা করার কথা রয়েছে।.
এ কর্মসূচিকে ঘিরে বগুড়ায় বড় ধরনের জনসমাগমের প্রস্তুতি নিচ্ছেন জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় সম্ভাব্য পথসভার স্থান পরিদর্শন করেছেন বিভিন্ন দলের নেতারা।.
পরিদর্শনকালে সম্ভাব্য মঞ্চ স্থাপনের স্থান, লংমার্চের গাড়িবহর থামার জায়গা এবং কর্মসূচির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।.
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, এনসিপির বগুড়া জেলা আহ্বায়ক প্রকৌশলী এম এস এ মাহমুদসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতারা।.
অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চে ব্যাপক জনসমাগম হবে বলে তাঁরা আশা করছেন। তাঁর ভাষ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়ায় লংমার্চের পথসভায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন। এ লক্ষ্যেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।.
তিনি আরও বলেন, লংমার্চকে স্বাগত জানাতে বগুড়ার সর্বস্তরের মানুষ প্রস্তুত রয়েছেন। প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার প্রত্যাশা রয়েছে।.
এর আগে গত ৬ আগস্ট রাজধানীতে সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চারটি লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী কর্মসূচি হিসেবে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।.
বগুড়ার চারমাথায় পথসভাকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। কর্মসূচির দিন যান চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: