দেশের স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পে অন্যতম সফল উদ্যোক্তা ডা. মোস্তাফিজুর রহমান। বগুড়ার সারিয়াকান্দীর একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তিনি গড়ে তুলেছেন দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর একটি—পপুলার গ্রুপ।.
ডা. মোস্তাফিজুর রহমান ১৯৫৩ সালের ১ নভেম্বর বগুড়া জেলার সারিয়াকান্দী উপজেলার নারচী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম ডা. মনির উদ্দিন আহমেদ বগুড়ার একজন জনপ্রিয় চিকিৎসক ছিলেন। পারিবারিকভাবেই চিকিৎসা সেবার সঙ্গে সম্পৃক্ত থাকায় ছোটবেলা থেকেই মানুষের সেবায় কাজ করার অনুপ্রেরণা পান তিনি।.
শিক্ষাজীবনের শুরু সারিয়াকান্দীর গণকপাড়া প্রাইমারি স্কুলে। সেখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি বগুড়া করোনেশন ইনস্টিটিউশন থেকে ১৯৬৯ সালে এসএসসি পাস করেন। পরে রাজশাহী কলেজে ভর্তি হন এবং পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ১৯৭৮ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।.
চিকিৎসক হিসেবে কর্মজীবনের শুরু হয় রাজশাহী মেডিকেল কলেজে ইন-সার্ভিস ট্রেইনি হিসেবে। ১৯৮০ সালে তিনি জয়পুরহাটের ক্ষেতলাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। একই বছরের জুলাই মাসে ঢাকা মেডিকেল কলেজে ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।.
দেশের মানুষকে আধুনিক ও মানসম্মত ডায়াগনস্টিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে ১৯৮৩ সালে তিনি প্রতিষ্ঠা করেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ ডায়াগনস্টিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। বর্তমানে সারা দেশে এর ২৩টির বেশি শাখা রয়েছে এবং ডা. মোস্তাফিজুর রহমান পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।.
এরপর ধাপে ধাপে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ বাড়াতে থাকেন তিনি। ২০০২ সালে প্রতিষ্ঠা করেন পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যা সে সময় দেশের ওষুধ শিল্পে অন্যতম বড় বেসরকারি বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে তিনি ২০০৬ সালে পপুলার অপথ্যালমিকস, ২০০৭ সালে পপুলার ইনফিউশনস এবং ২০০৮ সালে পপুলার এগ্রোভেট প্রতিষ্ঠা করেন।.
স্বাস্থ্যসেবাকে আরও সমন্বিত ও আধুনিক করার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেন পপুলার স্পেশালাইজড হাসপাতাল। পাশাপাশি চিকিৎসা শিক্ষার উন্নয়নে অবদান রাখতে ২০১০ সালে পপুলার মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটির একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১১ সালে। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।.
গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে এসে অধ্যবসায়, মেধা ও দূরদর্শিতার মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন ডা. মোস্তাফিজুর রহমান। তাঁর প্রতিষ্ঠিত পপুলার গ্রুপ আজ দেশের চিকিৎসা ও ওষুধ শিল্পে একটি সুপরিচিত নাম, যা হাজারো মানুষের কর্মসংস্থান ও চিকিৎসা সেবার সুযোগ তৈরি করেছে।. .
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: