• ঢাকা
  • শুক্রবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে গলায় ফাঁস, দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:১৯ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

বরিশালের আগৈলঝাড়ায় টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়ে গলায় ওড়না আটকে রাজ মণ্ডল জয় (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় একমাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।.

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মণ্ডলের ছেলে রাজ মণ্ডল জয় আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার একটি টিকটক আইডি ছিল এবং দীর্ঘদিন ধরে সে নিজের তৈরি বিভিন্ন ধরনের ভিডিও সেখানে আপলোড করত। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভিডিওতে ব্যাপক ভিউ ও অনুসারী ছিল বলে জানা গেছে।.

বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির দ্বিতীয় তলার কক্ষে টিকটকের একটি দৃশ্য ধারণ করতে গিয়ে তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে যায়। দীর্ঘ সময় নিচে না নামায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে শুরু করেন। এ সময় ছোট বোন নুপু মণ্ডল ভাইকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি দাদিকে বিষয়টি জানালে প্রতিবেশীরা এসে জয়কে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।.

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা করেন।.

খবর পেয়ে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।.

জানা গেছে, জয়ের মা স্মৃতি মণ্ডল শরীয়তপুরের একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। আগৈলঝাড়ায় তার দাদি, বাবা ও ছোট বোন বসবাস করেন।.

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, জয়ের সঙ্গে পরিবারের কারো কোনো বিরোধ বা মনোমালিন্য ছিল না। টিকটকের জন্য আত্মহত্যার দৃশ্য ধারণ করতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।.

মৃত জয়ের মা স্মৃতি মণ্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি বাংলাদেশ সরকারের কাছে টিকটক বন্ধ করার দাবি জানাচ্ছি।”.

এদিকে জয়ের বোন ষষ্ঠ শ্রেণির ছাত্রী নুপু মণ্ডল জানায়, শিক্ষক পড়াতে আসবেন বলে ভাইকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দাদিকে বিষয়টি জানায়। পরে দাদি ও প্রতিবেশীরা গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান।.

আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে বুধবার রাতে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ