বগুড়ার গাবতলী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ভ্যানচালককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামের বাসিন্দা ও ভ্যানচালক সুমন আলী (৩৫)-এর সঙ্গে একই গ্রামের কয়েকজন ব্যক্তির দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৫ জুন সকাল ৮টার দিকে স্থানীয় আদুর বাজারে নাস্তা শেষে বাড়ি ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, স্থানীয় আমিনুল ইসলাম মহিদুলসহ কয়েকজন সুমনের পথরোধ করে তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মাথায় আঘাতজনিত কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
ঘটনার পর সুমন আলীর স্ত্রী পলি বেগম বাদী হয়ে আমিনুল ইসলাম মহিদুলসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে গাবতলী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জমা দেওয়া হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। গোপন ও প্রকাশ্যভাবে আরও তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: