• ঢাকা
  • সোমবার, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ার শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ব্যতিক্রমী উদ্যোগ


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা। দীর্ঘদিন ধরে সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি নারীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে আসছে।
এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে, কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ শুরু করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে আটমুল ইউনিয়নের বেতগাড়ী মীর শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি বলেন, দেশে এখনো উল্লেখযোগ্য সংখ্যক নারী স্বাস্থ্যসম্মত উপায়ে মাসিককালীন পরিচর্যা করেন না, ফলে তারা নানা স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আলাউদ্দিন, সংগঠনের সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটি জানায়, ভবিষ্যতেও কিশোরীদের জন্য নিরাপদ স্যানিটারি প্যাড বিতরণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের রয়েছে।.

.

Ajker Bogura / টি এম

স্বাস্থ্য বিভাগের জনপ্রিয় সংবাদ