মাদক বেচে প্রাসাদ, ধ্বংস হচ্ছে সমাজ—প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবিতে ফুঁসছে মহাস্থান দক্ষিণপাড়া। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় কথিত মাদক কারবারি আল-আমিন ও তার পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, কয়েক বছর আগেও যারা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন, আজ তারা কোটি টাকার আলিশান ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন। এই আকস্মিক সম্পদের উৎস নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে আল-আমিন একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার বাড়ি ও আশপাশের এলাকায় দিন-রাত সন্দেহভাজন ব্যক্তি এবং মাদকসেবীদের আনাগোনা থাকায় সাধারণ পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছে। বিশেষ করে যুবসমাজের একটি অংশ মাদকের ছোবলে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন অভিভাবকরা।এলাকাবাসীর ভাষ্য, প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও মূল হোতাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। তাদের প্রশ্ন, যদি অভিযোগগুলো সত্য হয়ে থাকে, তাহলে এতদিন ধরে কীভাবে এমন কার্যক্রম চলতে পারছে? কারা এর পেছনে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।স্থানীয় বাসিন্দারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, তাদের সহযোগী এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।তারা আরও বলেন, অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজন হলে সম্পদ জব্দের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।স্থানীয়দের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে অভিযুক্তদের আইনের আওতায় এনে মহাস্থান দক্ষিণপাড়াকে মাদকমুক্ত করা হবে। অন্যথায় আগামী প্রজন্ম আরও ভয়াবহ সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: