বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন সহায়তা
বগুড়ার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি চালু করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে বগুড়ায় বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি এলাকায় ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে আরও কয়েকজনকে এই কর্মসূচির আওতায় আনা হবে এবং সর্বমোট ৮৬৮ জন এই কার্ডের সুবিধা পাবেন।
ফ্যামিলি কার্ড পাওয়ার পর এলাকার অধিকাংশ পরিবারের গৃহিণীরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেছেন। তারা জানান, এই অর্থ তাদের পরিবারের নানা প্রয়োজনীয় কাজে সহায়তা করবে। অনেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বলেন, এমন উদ্যোগ আগে দেশে দেখা যায়নি এবং ভবিষ্যতেও তার মাধ্যমে আরও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হবে বলে তারা আশা করছেন।
কয়েকজন উপকারভোগী জানান, কার্ড হাতে পাওয়ার আগেই তাদের মোবাইল ফোনে নির্ধারিত অর্থ পৌঁছে গেছে, যা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। এসময় তিনি বলেন, সরকারের এই উদ্যোগ মূলত প্রান্তিক পর্যায়ের নারীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, সকালে উপকারভোগীদের মোবাইলে অর্থ পৌঁছে দেওয়া হয়েছে এবং এই কার্যক্রমের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণের শুভ সূচনা হলো।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালামসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: