বগুড়া শহরতলীর জয়পুরপাড়ায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে অত্যাধুনিক কসাইখানা। বিশ্ব ব্যাংকের অর্থায়নে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন “লাইভস্টোক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট” এর আওতায় নির্মিত এ কসাইখানাটি উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।.
৫০ ডেসিমেল জমির ওপর নির্মিত এই আধুনিক কসাইখানায় প্রতি ঘণ্টায় ১৫টি গরু এবং ৩০টি ছাগল বা ভেড়া জবাই ও প্রসেস করা যাবে। এতে থাকছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ফলে পরিবেশ দূষণের আশঙ্কা থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বগুড়া সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান জানান, কসাইখানাটি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের পর শহরে যত্রতত্র পশু জবাই বন্ধ করা হবে। এখান থেকে জবাইকৃত মাংসে সিটি কর্পোরেশনের সিল দেওয়া হবে এবং সিলবিহীন মাংস না কেনার জন্য জনগণকে সচেতন করা হবে। তিনি আরও জানান, কসাইখানাটি পরিচালনায় প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা ব্যয় হবে। মাসিক খরচ দাঁড়াতে পারে সাড়ে ৭ লাখ থেকে ৯ লাখ টাকা পর্যন্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিটি গরু প্রসেসিংয়ে প্রায় এক হাজার টাকা চার্জ নির্ধারণ করা হতে পারে। সংশ্লিষ্টদের মতে, আধুনিক এই কসাইখানা চালু হলে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে মাংস ব্যবসায়ীদের সময় ও শ্রমও সাশ্রয় হবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: