• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত, আহত অন্তত ১৫


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গুরুতর আহতদের মধ্যে তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে বাস ও সেনাবাহিনীর গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে দুমড়েমুচড়ে যায়।
নিহতরা হলেন— বাসচালক বিশু, সেনাবাহিনীর গাড়িচালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী। দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী সেনাবাহিনীর গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ ও সেনাবাহিনীর গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংঘর্ষের পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।.

.

Ajker Bogura / Samsil Arifin

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ