• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

৬ মাসে কোরআনের হাফেজ হলো ১০ বছরের সিদ্দিক


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৫ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অল্প বয়সেই অসাধারণ কৃতিত্ব দেখিয়ে আলোচনায় এসেছে শিশু হাফেজ আবু বকর সিদ্দিক। মাত্র ১০ বছর বয়সে মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে সে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জানা যায়, আবু বকর সিদ্দিকের বাড়ি হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামে। সে শিক্ষক মো. বেলাল উদ্দিন ও মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা দম্পতির সন্তান। ছোটবেলা থেকেই কোরআন তিলাওয়াতের প্রতি তার গভীর আগ্রহ ছিল।.


পরিবার সূত্রে জানা গেছে, তাদের পরিবারে ইতোমধ্যে কয়েকজন কোরআনের হাফেজ রয়েছেন। তাই সন্তান জন্মের পর থেকেই তাকে হাফেজ বানানোর স্বপ্ন দেখতেন তার বাবা-মা। সেই লক্ষ্য নিয়ে ২০২৫ সালের শুরুতে তাকে দারুল আরকাম মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করানো হয়।.


মাদরাসার শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের অনুপ্রেরণায় নিয়মিত অনুশীলনের মাধ্যমে মাত্র ছয় মাসের মধ্যেই সে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করতে সক্ষম হয়। এত অল্প সময়ে পুরো কোরআন মুখস্থ করার ঘটনা এলাকায় বিরল বলেই মনে করছেন শিক্ষকরা।.


শিশু হাফেজ আবু বকর সিদ্দিক জানায়, ছোটবেলা থেকেই কোরআন তিলাওয়াত করতে তার ভালো লাগে। শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের উৎসাহ তাকে আরও মনোযোগী করে তুলেছে। ভবিষ্যতে সে একজন বড় আলেম ও দেশবরেণ্য হাফেজ হয়ে ইসলামের খেদমত করতে চায়।.


হাফেজের বাবা মো. বেলাল উদ্দিন বলেন, ছোটবেলা থেকেই ছেলের মধ্যে কোরআনের প্রতি বিশেষ আগ্রহ লক্ষ্য করেছিলেন তারা। সেই আগ্রহ থেকেই তাকে হিফজ বিভাগে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আল্লাহর রহমতে খুব অল্প সময়েই সে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছে। একজন বাবা হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। আমি চাই আমার ছেলে ভবিষ্যতে একজন যোগ্য আলেম হয়ে দ্বীনের খেদমত করুক। এজন্য সবার কাছে তার জন্য দোয়া চাই।”.


মাদরাসার হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ মুনাওয়ার জানান, শিক্ষকদের তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতায় সিদ্দিক দ্রুত কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে সে বড় আলেম হয়ে ইসলামের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.


এদিকে দারুল আরকাম মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম বলেন, সিদ্দিক অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র। নিয়মিত অধ্যবসায়ের কারণেই সে অল্প সময়ের মধ্যেই কোরআনের হিফজ সম্পন্ন করতে পেরেছে।.


স্থানীয় বাসিন্দারাও শিশুটির এই সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। তাদের মতে, এত অল্প বয়সে এমন অর্জন অন্য শিশুদেরও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

স্মরণীয় ও বরণীয় বিভাগের জনপ্রিয় সংবাদ