রংপুরে ট্রেনে কাটা পড়ে জাওয়াদ আল কাবী মুনিম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে রংপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে আর কে রোডের বিনোদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোলনচাপা এক্সপ্রেস ট্রেন দ্রুতগতিতে রেললাইন দিয়ে অতিক্রম করার সময় ওই যুবক রেললাইনের ওপর শুয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসতে দেখেও তিনি লাইন থেকে সরে যাননি। পরে ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের সঙ্গে থাকা মানিব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়, যার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। তিনি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে রংপুর শহরের টার্মিনাল বটতলা এলাকায় তার মায়ের সঙ্গে বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাওয়াদ আল কাবী মুনিম সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST)-এর শিক্ষার্থী ছিলেন।
রংপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক ও শোকাহত পরিবেশ বিরাজ করছে।.
Ajker Bogura / Arifin
আপনার মতামত লিখুন: