বগুড়ার গাবতলী উপজেলায় বিয়ের দাবিতে এক তরুণীর অনশনকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার নেপালতলী ইউনিয়নের শালুকগাড়ী মোমিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ২২ বছর বয়সী ওই অবিবাহিত তরুণী দীর্ঘদিনের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন। অভিযুক্ত শিফল প্রামানিক (৩২), মৃত জাবেদ আলী প্রামানিকের ছেলে। তিনি বিবাহিত এবং তার সংসারে দুই সন্তান রয়েছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় বছর আগে প্রতিবেশী ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন শিফল। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বজায় রাখেন। তরুণীর দাবি, তার বিয়ের অন্য প্রস্তাব এলেই শিফল তা ভেঙে দিয়ে সম্পর্ক চালিয়ে যেতেন। সম্প্রতি তরুণী বিয়ের জন্য চাপ দিলে শিফল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে বাধ্য হয়ে প্রায় এক সপ্তাহ আগে তিনি শিফলের বাড়িতে এসে অনশন শুরু করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল রাতে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিফল দোষী সাব্যস্ত হলে বিয়েতে সম্মত হন এবং এলাকাবাসী বিয়ের প্রস্তুতিও নিতে শুরু করেন। তবে কিছুক্ষণের মধ্যেই শিফল কৌশলে পালিয়ে যান, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে। বর্তমানে তরুণী বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: