• ঢাকা
  • শুক্রবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

৬০০ কোটি টাকার মহাপরিকল্পনায় বদলে যাচ্ছে বগুড়া সিটি


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:১৪ এএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নবগঠিত বগুড়া সিটি করপোরেশনকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে পাঁচ বছর মেয়াদি প্রায় ৬০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, ডিজিটাল নাগরিক সেবা এবং নগর নিরাপত্তা জোরদারকে কেন্দ্র করে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।.

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানিয়েছেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সংকট কাটিয়ে একটি পরিকল্পিত নগর গড়ে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য। বিশেষ করে নতুন অন্তর্ভুক্ত ও দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ওয়ার্ডগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।.

নগরবাসীর সবচেয়ে বড় ভোগান্তি যানজট নিরসনে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ওয়ানওয়ে ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে নতুন ট্রাফিক ম্যাপ প্রস্তুতের কাজ চলছে। বনানী-মাটিডালি করিডোরসহ ব্যস্ত সড়কগুলোকে প্রাথমিকভাবে এই পরিকল্পনার আওতায় আনা হচ্ছে।.

ফুটপাত দখলমুক্ত করতে শুধু উচ্ছেদ অভিযান নয়, বরং পুনর্দখল ঠেকাতে বিশেষ নজরদারি ব্যবস্থাও চালু করা হবে। এ জন্য ৫০ থেকে ১০০ জন ইউনিফর্মধারী স্বেচ্ছাসেবক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা শহরের গুরুত্বপূর্ণ ফুটপাতগুলোতে অবস্থান করে নিয়মিত তদারকি করবেন।.

এদিকে শহরের অনিয়ন্ত্রিত অটোরিকশা ও রিকশা চলাচল নিয়ন্ত্রণে সব যানবাহনকে লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দিষ্ট রুট নির্ধারণ করে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।.

যানজটের আরেক কারণ অবৈধ পার্কিং রোধে নগরীর বিভিন্ন স্থানে পরিকল্পিত পার্কিং জোন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে পর্যাপ্ত পার্কিং সুবিধা বাধ্যতামূলক করার চিন্তাভাবনা চলছে।.

নগর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে প্রথম ধাপে প্রায় ১০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। বনানী থেকে মাটিডালি পর্যন্ত ব্যস্ত করিডোরে এ কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে সাতমাথা, চারমাথা, নবাববাড়ি সড়ক, রেলগেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে ক্যামেরা স্থাপন করা হবে।.

বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নের ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে সিটি করপোরেশন। বর্তমানে পুরো নগরীর জন্য মাত্র দুটি ডাম্প ট্রাক থাকায় নিয়মিত বর্জ্য অপসারণ ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে নতুন ডাম্পিং স্টেশন নির্মাণ ও অতিরিক্ত ট্রাক সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজাপুর ও গাবতলী-বাগবাড়ী সড়ক সংলগ্ন এলাকায় নতুন ডাম্পিং স্টেশন স্থাপনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে।.

নাগরিক সেবাকে সহজ ও হয়রানিমুক্ত করতে অধিকাংশ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ, পানির বিল, নাগরিকত্ব সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্রের আবেদন ঘরে বসেই করা যাবে। অনলাইন পেমেন্ট ব্যবস্থাও চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।.

তবে নতুন সিটি করপোরেশনের সামনে জনবল ও অবকাঠামোগত সংকট বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। বর্তমানে সাবেক পৌরসভার সীমিত জনবল দিয়েই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নগরীকে চারটি প্রশাসনিক জোনে ভাগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বনানীর চারমাথা এলাকায় প্রায় পাঁচ একর জমির ওপর স্থায়ী সিটি করপোরেশন ভবন নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।.

সিটি করপোরেশন প্রশাসনের আশা, পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে আগামী কয়েক বছরের মধ্যে বগুড়া একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব নগরীতে পরিণত হবে।. .

Ajker Bogura / টি এম

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ