বগুড়ায় ব্যাংক চেক প্রত্যাখ্যানের মামলায় শারমিন আক্তার শান্তা নামে এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
বগুড়ার যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোছা. শামীমা খাতুন সম্প্রতি এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি এলাকার ইকরাম হোসেনের মেয়ে শারমিন আক্তার শান্তা বগুড়ার শাজাহানপুর উপজেলার চকজোড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নাজমুল হুদার পাওনা ১১ লাখ টাকা পরিশোধের জন্য নওগাঁর সোনালী ব্যাংক আত্রাই শাখার একটি চেক প্রদান করেন।
পরবর্তীতে বাদী নাজমুল হুদা চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপর পাওনা টাকা পরিশোধের জন্য আসামিকে লিগ্যাল নোটিশ দেওয়া হলেও তিনি টাকা পরিশোধ না করায় আদালতে মামলা দায়ের করা হয়।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত শারমিন আক্তার শান্তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১১ লাখ টাকা জরিমানা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথাও রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ে আরও বলা হয়, আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণ করলে সাজা কার্যকর হবে এবং জরিমানার অর্থ আদায় হলে বাদী তার পাওনা টাকা পাবেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: