বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়া প্রেস ক্লাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বগুড়া। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের অবদানের প্রশংসার পাশাপাশি বগুড়ার ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন অতিথিরা।.
সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।.
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়াকে উত্তরাঞ্চলের অন্যতম আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে জেলায় ক্রীড়া পল্লী, আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি করতোয়া নদীর তীর ঘেঁষে বিকল্প সড়ক নির্মাণের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।.
তিনি আরও বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করে বগুড়াকে অর্থনৈতিক ও শিল্পসমৃদ্ধ জেলায় পরিণত করতে শিল্প-কারখানা স্থাপনসহ বিভিন্ন প্রকল্পের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি ক্রীড়া সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।.
এ সময় তিনি জানান, শিশু-কিশোরদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে স্কুল পর্যায়ে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।.
অনুষ্ঠানে স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।.
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার রাহাত রিটু। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বগুড়ার সাধারণ সম্পাদক এইচ আলিম।. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: