• ঢাকা
  • সোমবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

গাইবান্ধায় শাবলের আঘাতে শিবির নেতা নিহত, আহত আরও একজন


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৩ এএম
ছবি : নিজস্ব প্রতিনিধি
ছবি : নিজস্ব প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু সালাউদ্দিন (৩০) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া বাজারের চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার।.

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুলতাইর গোরস্থানপাড়া গ্রামের হবিবার রহমান মওলানার ছেলে। তিনি রংপুরের ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল-কোরআন বিভাগের ছাত্র ছিলেন।.

স্থানীয় সূত্র, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিকেলে বোনারপাড়া বাজারে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল ও তার ভাই পলাশের সঙ্গে সাইফুল্লাহ বারীর পক্ষের লোকজনের বাগ্‌বিতণ্ডা হয়। পরে স্থানীয়রা পরিস্থিতি শান্ত করলেও চলে যাওয়ার সময় ধাওয়া দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।.

অভিযোগ অনুযায়ী, পলাশ লোহার শাবল দিয়ে সাইফুল্লাহ বারীর গলায় আঘাত করেন এবং সালাউদ্দিনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সাইফুল্লাহকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।.

আহত সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।.

নিহতের বন্ধু মোবাশ্বের দাবি করেন, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ চলছিল। স্থানীয়দের সরিয়ে দেওয়ার পরও প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সাইফুল্লাহকে হত্যা করে।.

এদিকে, গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী জানান, অভিযুক্ত মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হলেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বর্তমানে তার সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই।.

সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।.

সাঘাটা থানার ওসি পবিত্র কুমার জানান, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।.

.

Ajker Bogura / মুরাদ হাসান

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ