দীর্ঘদিনের ভয়াবহ যানজট, রেলক্রসিংয়ের ভোগান্তি এবং পরিকল্পনাহীন নগর সমস্যার সমাধানে বগুড়া শহরকে ঘিরে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ভবিষ্যতে ট্রেন আর বগুড়া শহরের ভেতর দিয়ে চলবে না। এর পরিবর্তে রাণীরহাট থেকে সরাসরি গাবতলী পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হবে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া শহরের সাতটি রেলক্রসিংয়ের দীর্ঘ যানজট থেকে মুক্তি মিলবে বলে আশা করছেন সাধারণ মানুষ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, তার এই প্রস্তাবের পর রেলপথ মন্ত্রণালয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজও শুরু করেছে।
বর্তমানে কাহালু থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত রেলপথটি শহরের সবচেয়ে ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকার মধ্য দিয়ে গেছে। ট্রেন চলাচলের সময় দীর্ঘক্ষণ রেলগেট বন্ধ থাকায় শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হয়।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, কাহালু থেকে রাণীরহাট হয়ে সরাসরি গাবতলী পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ করা হবে। ফলে শহরের ভেতরের পুরোনো রেললাইন তুলে ফেলার সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অপসারিত রেলপথের জায়গায় গাবতলী থেকে বগুড়া হয়ে কাহালু পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে।
এছাড়া বর্তমান বগুড়া রেলস্টেশন সংস্কার করে দূরপাল্লার বাস টার্মিনাল হিসেবে ব্যবহারের পরিকল্পনাও আলোচনা হচ্ছে। এতে শহরের যানবাহন ব্যবস্থাপনায় নতুন গতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সচেতন নাগরিকদের মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বগুড়ার কয়েক দশকের পুরোনো যানজট সমস্যার বড় সমাধান হবে। একই সঙ্গে শহরের সৌন্দর্য, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমেও ইতিবাচক পরিবর্তন আসবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: