বগুড়া প্রতিনিধি: শিল্প ও ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়ার উন্নয়নে একগুচ্ছ বড় পরিকল্পনার ঘোষণা দিয়েছেন সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী। এর মধ্যে রয়েছে ৪০০ একর জমিতে বিসিক শিল্পপার্ক নির্মাণ, বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন, বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর উদ্যোগ, শহরের রেললাইনের ওপর ওভারপাস নির্মাণ, সড়ক জোন স্থাপন, আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামসহ ক্রীড়াগ্রাম নির্মাণ এবং করতোয়া নদীর পুনর্জীবন।.
শনিবার (৮ আগস্ট) বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা তুলে ধরা হয়।.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, বগুড়ায় শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন সেই সম্ভাবনা অনুযায়ী উন্নয়ন হয়নি। শিল্পের চাহিদা বিবেচনায় ৪০০ একর জমির ওপর বিসিক শিল্পপার্ক নির্মাণ করা হবে।.
সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, গত ২০ বছরে বগুড়া বঞ্চিত হয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বগুড়ার মানুষের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় অগ্রগতির স্বার্থেই এ অঞ্চলের উন্নয়ন প্রয়োজন।.
অনুষ্ঠানের বিশেষ অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বগুড়ার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী নভেম্বর-ডিসেম্বরে প্রধানমন্ত্রী বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।.
বগুড়া বিমানবন্দর নিয়েও আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ২০২৭ সালের জানুয়ারির মধ্যে অন্তত অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করার চেষ্টা চলছে। পাশাপাশি আগামী মাস থেকে ড্রোন তৈরির কারখানার কাজ শুরু হবে বলেও জানান তিনি।.
শহরের যানজট নিরসনে রেললাইনের ওপর ওভারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বগুড়ায় সড়ক জোন স্থাপন এবং বহুমাত্রিক বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনার কথাও উঠে আসে।.
ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বগুড়ার তিনমাথা এলাকায় ক্রীড়াগ্রাম নির্মাণ করা হবে। সেখানে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামসহ বিভিন্ন ক্রীড়া সুবিধা থাকবে বলে জানান তিনি।.
এ ছাড়া একসময়ের খরস্রোতা করতোয়া নদী পুনর্জীবনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মীর শাহে আলম।.
তিনি বলেন, বগুড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি ও শিল্পাঞ্চল। জেলার উৎপাদিত পণ্যের বড় একটি বাজার রয়েছে দেশ-বিদেশে। দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য কাটিয়ে বগুড়ার উন্নয়ন এখন ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে।.
অনুষ্ঠানে বগুড়ার বিভিন্ন সংসদ সদস্য, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক, বিসিক চেয়ারম্যান, জেলা প্রশাসক, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: